সাভার প্রতিনিধি :
ঢাকার সাভার থেকে ২ কেজি (দুই) গাঁজাসহ মো. আরিফ হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
এর আগে, গতকাল সোমবার (১০ মার্চ) রাতে সাভার থানাধীন মধ্য কলমা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আরিফ হোসেন আশুলিয়ার আউকপাড়া এলাকার মো. আনসার আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভারের মধ্য কলমা এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন নামে ওই যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে সাভার থানা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।