আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

দশদিন পর ক্লাসে ফিরল কুবি’র শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিন ছুটি কাটিয়ে আজ (১০ অক্টোবর) থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গণ। দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা হয়ে উঠেছে প্রাণোচ্ছল।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর পূজার ছুটি পেয়ে তারা আনন্দের সহিত যার যার বাড়ি ফিরে।

কিন্তু হঠাৎ ক্যাম্পাসের উদ্ভুত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিদ্ধান্ত তাদের সবাইকে শঙ্কায় ফেলে দেয়। ক্যাম্পাস সময় মতো খুলবে কিনা এ নিয়েও তাদের মধ্যে চলে দ্বিধাদন্ধ।

এ বিষয়ে বাংলা ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া সুলতানা বলেন, বন্ধের পর ক্যাম্পাসে ফিরে খুবই ভালো লাগছে।দ্বিধায় ছিলাম যে এমন পরিস্থিতির কারণে সময় মতো ক্যাম্পাস খুলবে কিনা বা ক্লাস শুরু হবে কিনা?

কিন্তু এখন ক্যাম্পাস সময় মতো খুলেছে তাছাড়া ক্লাসও ঠিক মতো শুরু হয়েছে। আশা রাখবো পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে ও আমরা সুষ্ঠুভাবে ক্লাস চালিয়ে যেতে পারি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষা বন্ধ রাখার বিষয়টা বুঝতেছি না। ক্যাম্পাস খোলা রাখতে পারলে পরীক্ষা নেওয়ায় তো কোনো সমস্যা দেখছি না।

এভাবে কিছুদিন পরপর ক্যাম্পাসে সমস্যা হবে আর তার ভুক্তভোগী হবো আমরা সাধারণ শিক্ষার্থীরা । এমনিতে করোনা আমাদের অনেকটা ক্ষতির সম্মুখীন করেছে তার উপর আবার বাড়তি ঝামেলা। যা মোটেও কাম্য নয়।

ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেজন্য আমাদের প্রথম কাজ ছিলো শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া।

সেজন্যই আমরা একটা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিলাম। যার ফলে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ছিল এই কয়দিন। আর এর কারণেই আমরা ক্যাম্পাস সময় মতো খুলে দিতে পেরেছি।

পরীক্ষা স্থগিত রাখার ব্যাপারে তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস যদি না থাকে তাহলে শিক্ষার্থীরা সেখানে কি করে প্রিপারেশন নিবে। আর এই পরিস্থিতির কারণে অনেক গার্ডিয়ান শঙ্কায় তাদের সন্তানদের পাঠাতেও চাইবে না।

আর ক্যাম্পাস খুলে দেওয়ার সাথে সাথে সবাই কিন্তু আসেও না। তাই সকলের কথা চিন্তা করেই আমরা প্রথম সপ্তাহ পরীক্ষা স্থগিত রেখেছি। আর এই সিদ্ধান্তে সবাই সমর্থনও জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ