সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে ওষুধ কোম্পানির এক কর্মচারীকে ছুরিকাঘাত করে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হাসিবুল হাসান শান্ত (২৫)। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার পুয়াগুলা গ্রামের বাসিন্দা হাবিবুর ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত হাসিবুল ইসলাম একটি ওষুধ কোম্পানিতে উপজেলার দায়িত্ব নিয়ে কর্মরত আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জলিল মিয়ার ভাতিজা। সেই সুবাদে তিনি তার চাচার সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে রাতে থাকেন।
শনিবার রাতে ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষা করার জন্য কয়েকজন লোক দরজায় কড়া নাড়লে ভেতরে থাকা একা হাসিবুল দরজা খুলে দেন। চার থেকে পাঁচজন ভেতরে প্রবেশ করে কোনো কিছু বোঝার আগেই তার বুকে-পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে যারাই এমন ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।