নিজস্ব প্রতিবেদক :
আফগানিস্তানের তালেবান সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ চলছে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এমপি। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটে সাংবাদিকদের একথা বলেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই) কর্তৃক শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটকে জমি হস্তান্তর বিষয়ক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসময় আরও বলেন, আফগানিস্তান স্বীকৃত একটি রাষ্ট্র। এখন বর্তমান তালেবান সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসায় বাংলাদেশে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদেরকে প্রতিহত করা হবে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, শেখ হাসিনার সরকার দক্ষ হওয়ায় দিনরাত দেশের উন্নয়ন হচ্ছে।
অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন – জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুল্লা আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ সহ আরা অনেকে।
অনুষ্ঠান শেষে শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউট প্রাঙ্গণে অতিথিবৃন্দ বৃক্ষ রোপণ করেন।