আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাইক্রোবায়োলজি সম্মেলন

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম, 

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (BSM) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে ২১–২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘৩৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ২০২৫’” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভেটেরিনারি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল অণুজীববিজ্ঞান ও সংশ্লিষ্ট শাখাসমূহে সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন ও অগ্রগতি নিয়ে মতবিনিময়, বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর দিকনির্দেশনা প্রদান।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল Microbiomes for Sustainable Future, যা মানব উন্নয়ন, জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গঠনে অণুজীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখে। সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনের বৈজ্ঞানিক পর্বে গৃহীত ২৮৮টি সারসংক্ষেপ (Abstract) থেকে মোট ১২টি টেকনিক্যাল সেশনে ২টি প্লেনারি বক্তৃতা, ৮টি কীনোট বক্তৃতা, ৬টি আমন্ত্রিত বক্তৃতা, ৪টি ইয়াং সায়েন্টিস্ট টক, ৫৮টি মৌখিক উপস্থাপনা এবং প্রায় ২২৬টি পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এস. এম. এ. ফয়েজ, চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন প্রফেসর ডা. শাকিলা নার্গিস খান, চেয়ারম্যান, অণুজীববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস-এর সভাপতি ড. মুনিরুল আলম তাঁর স্বাগত বক্তব্যে বৈশ্বিক স্বাস্থ্য, পরিবেশগত সংকট ও উদীয়মান রোগ মোকাবিলায় অণুজীববিজ্ঞান গবেষণায় উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে অণুজীববিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসারে বিএসএম-এর দীর্ঘদিনের অবদানও উল্লেখ করেন।

এছাড়া সম্মেলন আয়োজন কমিটির সচিব ও বিএসএম-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মঞ্জুরুল করিম সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরে বৈশ্বিক পর্যায়ে গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS)-এর চিফ সায়েন্টিস্ট ডা. লতিফুল বারী ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস দেশের শিক্ষাবিদ, গবেষক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সম্মেলন বৈশ্বিক অণুজীববিজ্ঞান গবেষণায় বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও সক্ষমতাকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ