নিজস্ব প্রতিবেদক:
পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বংশী নদীর জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ রবিবার সকালে সাভারের বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আইয়ুব খান। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, এক সময় নানা জাতীয় দেশি মাছে সমৃদ্ধ বংশী নদী আজ মাছ শূন্য হয়ে পড়েছে। বর্তমান বিএনপি সরকার আসার পর সারাদেশে খাল খননসহ নদী নালা দখলমুক্ত করে পরিবেশের ভারসাম্য ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ বংশী নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করে আবারো বংশী নদীতে দেশীয় মাছ ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করেছি।
এ কর্মসূচিতে যুবদলের স্থানীয় নেতাকর্মী, পরিবেশ সচেতন ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নদীতে রুই, কাতলা, মৃগেল ও অন্যান্য দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নদী দখল, দূষণ এবং অপরিকল্পিতভাবে মাছ আহরণের কারণে দেশীয় মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে নদীর জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত একাধিক এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নদী দূষণ রোধ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।