জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” কর্মসূচি পালন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এই কর্মসূচির প্রশংসা করেন এবং সাধুবাদ জানান। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণ-প্রকৃতির একটি অভয়ারণ্য হওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মকাণ্ড পরিচালনার সময় যেন কোনোভাবে প্রাণ-প্রকৃতির ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে ছাত্রদল প্রশাসনের কাছে একটি স্মারকলিপি পেশ করে কয়েকটি দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ক্যাম্পাসের প্রতি ১০০-২০০ মিটারের মধ্যে অন্তত একটি ডাস্টবিন স্থাপন এবং প্রতি মাসে অন্তত একবার সকল হল ও একাডেমিক ভবনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। এ ছাড়া প্রয়োজনে স্বেচ্ছাসেবক প্রদানের প্রস্তুতির কথাও জানায় ছাত্রদল।
কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান দিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা এবং স্বেচ্ছাসেবকগণ ক্যাম্পাসের বিভিন্ন হল ও একাডেমিক ভবন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে একটি লিফলেট বিতরণ করেন, যাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশারি ব্যবহার এবং জ্বর বা র্যাশের মতো লক্ষণে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।