সাভার প্রতিনিধি :
সাভারের হেমায়েতপুরে প্রায় ৪ লাখ টাকার ডিমসহ একটি পিকআপ ছিনতাই করেছে ছিনতাইকারীরা। তবে ডিম সরিয়ে খালি পিকআপ রেখে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ ।
এর আগে পহেলা মার্চ রাত তিনটার দিকে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় ঝিনতাইতারীর কবলে পরে উইগ্রো গ্লোবাল টেকনোলজি লিমিটেড কোম্পানির ডিম বোঝাই পিকআপটি।
অভিযোগ সূত্রে জানা যায়, ১ মার্চ রাতে উইগ্রো গ্লোবাল টেকনোলজি লিমিটেড কোম্পানির নিয়োগকৃত কর্মচারি সাদ্দাম হোসেন ও আল-আমীন বাবু ডিম ক্রয় করে ভাড়া পিকআপ যোগে ফিরছিলেন।
রাত প্রায় ৩ টার দিকে তারা হেমায়েতপুরের যাদুরচর এলাকার বিমান পাম্পের বিপরীত পাশে পৌঁছলে একটি অজ্ঞাত নাম্বারের গাড়ি তাদের গতিরোধ করে। এসময় ওই গাড়ি থেকে ১০/১২ জন ছিনতাইকারী নেমে পিকআপে থাকা কর্মচারী ও চালক শামিম মিয়াকে ওই অজ্ঞাত নাম্বারের গাড়িতে তুলে নেয়।
এসময় তাদের মারধর করতে করতে বিভিন্ন এলাকা ঘুরে কর্মচারী সাদ্দামের কাছে থাকা নগদ ১ লাখ টাকা, চালকের কাছে ৭ হাজার, সাদ্দাম ও বাবুর ব্যবহৃত দুটি স্মাট ফোনসহ একটি বাটন ফোন এবং তিন লাখ টাকার ডিম ছিনিয়ে নেয়।
পরে তাদের হাতপা ও চোখ বেঁধে ত্রিপল দিয়ে পেচিয়ে ৩০০ ফিট সড়কের স্বদেশ নামক স্থানে ফেলে রেখে যায়। একই সাথে ডিম বোঝাই পিকআপটি খালি করে সেখানেই ফেলে রেখে যায় তারা।
এ ঘটনায় বৃহস্পতিবার উইগ্রো গ্লোবাল টেকনোলজি লিমিটেড কোম্পানির ম্যানেজার কায়সার রহমান বাদি হয়ে সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহম্মেদ বলেন, এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তে শেষে বিস্তারিত জানানো হবে। তবে এঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।