মো: আল মামুন খান:
ঢাকার সাভারে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। গতকাল রোববার (৪ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে সাভার মডেল থানার সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ (৩৫) ও মো. শামীম (৩৮)। তাঁরা দুজনই আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বসবাস করেন। মাসুদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এবং শামীমের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সিএন্ডবি এলাকা থেকে ওই দুজনকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন চার গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।