আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে প্রায় ৩০ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।

আটককৃতরা হলেন উখিয়ার ১৩ নং হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মায়ানমার মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।

শনিবার (১০আগস্ট) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুদ রেখেছে। পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ