বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কালো অধ্যায় শেষ হতে না হতেই খুনিদের রক্তে আরও একবার রঞ্জিত হয়েছিল বাংলাদেশ। কারাবন্দি চার জাতীয় নেতাকে হত্যার মাধ্যমে আরও এক কলঙ্কিত দিনের সাক্ষী হলো জাতি।
৪৬ বছর আগের কালো ছায়াঘেরা সেই দিনে জাতি হারিয়েছিল চার সোনালি সন্তানকে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী এই চার জাতীয় নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম চার এই জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করে আসছে জাতি। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ আওয়ামীলীগ এই দিনটিকে যথাযথ মর্যাদা ও বেদনার সঙ্গে পালন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজন করল দোয়ার অনুষ্ঠানের।
৩ নভেম্বর বুধবার বিকাল ৪টায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে জেলহত্যা দিবস। উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জহিদুল ইসলাম রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্যা তপদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, বিআরডিবির চেয়ারম্যান সালাম আজাদ জুয়েল প্রমুখ নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করে।
এই খুনিদের বিচার এখনও হয়নি এদেশের মাটিতে। আশা করি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই বাংলার মাটিতে তাদের বিচারকার্য সম্পন্ন করে একটি কালো অধ্যায়কে শেষ করে দেশকে আলোকিত করবেন।