ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় টেক্সটাইল শিক্ষার্থীদের জ্ঞান, সমস্যা সমাধান ও যোগাযোগ দক্ষতা যাচাইয়ের সুযোগ
টেক্সটাইল ও অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে জেটিইসি ক্যারিয়ার ক্লাব আয়োজন করতে যাচ্ছে ‘টেক্সটাইল অলিম্পিয়াড সিজন ৫’। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে টেক্স মিডিয়া।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের টেক্সটাইল শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতার মাধ্যমে টেক্সটাইল নলেজ, সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস—গুরুত্বপূর্ণ এসব দক্ষতা যাচাই ও উন্নয়নের সুযোগ তৈরি হবে।
আয়োজকদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একজন টেক্সটাইল গ্র্যাজুয়েটের জন্য শুধু একাডেমিক ফলাফল বা সিজিপিএ যথেষ্ট নয়। ইন্ডাস্ট্রি-রেডি পেশাজীবী হিসেবে নিজেকে প্রস্তুত করতে বাস্তব সমস্যা বিশ্লেষণ, কার্যকর সমাধান তৈরি, নিজের চিন্তা উপস্থাপন এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার সক্ষমতাও প্রয়োজন। এসব বিষয়কে সামনে রেখেই সাজানো হয়েছে এবারের টেক্সটাইল অলিম্পিয়াড।
এবারের প্রতিযোগিতাটি মোট তিনটি সেগমেন্টে অনুষ্ঠিত হবে—‘টেক্সটাইল ব্রেইন ব্যাটল’, ‘কেস স্টাডি’ এবং ‘আলটিমেট ভয়েস’।
‘টেক্সটাইল ব্রেইন ব্যাটল’ সেগমেন্টে টেক্সটাইল ও অ্যাপারেল ইন্ডাস্ট্রি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান যাচাই করা হবে। প্রথম ধাপে ৬০টি বহুনির্বাচনী প্রশ্নের অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইন রাউন্ডের ফলাফলের ভিত্তিতে সেরা ২৫ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফাইনাল রাউন্ডে লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সেগমেন্টের সেরা পাঁচজন প্রতিযোগী পাবেন প্রাইজ মানি, পুরস্কার ও সনদ।
দ্বিতীয় সেগমেন্ট ‘কেস স্টাডি’-তে বাস্তব আরএমজি ইন্ডাস্ট্রির সমস্যার আলোকে অংশগ্রহণকারীদের চিন্তা ও সমাধান উপস্থাপনের সক্ষমতা যাচাই করা হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের ই-মেইলের মাধ্যমে একটি বাস্তবভিত্তিক আরএমজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ দেওয়া হবে। দলগতভাবে সমস্যাটি বিশ্লেষণ করে কার্যকর সমাধান তৈরি করতে হবে। অনলাইন প্রেজেন্টেশন রাউন্ড থেকে সেরা ২৫টি দল পরবর্তী ধাপে যাবে। এরপর সেরা আটটি দল জেটিইসি ক্যাম্পাসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে নিজেদের সমাধান উপস্থাপনের সুযোগ পাবে। এ সেগমেন্টের সেরা তিনটি দল পাবে প্রাইজ মানি, পুরস্কার ও সনদ।
তৃতীয় সেগমেন্ট ‘আলটিমেট ভয়েস’-এ অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও আত্মবিশ্বাস যাচাই করা হবে। রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীদের ই-মেইলের মাধ্যমে একটি নির্ধারিত বিষয় দেওয়া হবে। সেই বিষয়ের ওপর ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে অনলাইন রাউন্ডে জমা দিতে হবে। অনলাইন রাউন্ড থেকে সেরা ১০ জন বক্তা লাইভ ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হবেন। ফাইনাল রাউন্ডে প্রতিযোগীদের একটি তাৎক্ষণিক বিষয় দেওয়া হবে এবং মঞ্চে দাঁড়িয়ে সেই বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে হবে। এ সেগমেন্টের সেরা তিনজন বক্তা পাবেন প্রাইজ মানি, পুরস্কার ও সনদ।
আয়োজকদের প্রত্যাশা, টেক্সটাইল অলিম্পিয়াড সিজন ৫-এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি নতুন কিছু শেখার এবং জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে প্রতিযোগিতাটি টেক্সটাইল শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-রেডি হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।
জেটিইসি ক্যারিয়ার ক্লাব জানিয়েছে, টেক্সটাইল অলিম্পিয়াড সিজন ৫-এর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের পছন্দের সেগমেন্ট নির্বাচন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।