আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিবৃক্ষ উদ্যানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম শোভাবর্ধনকারী ‘নাকাচুয়া’ বৃক্ষের চারা রোপণ করেন।

এ সময় উপাচার্য বলেন, ‘ছোট শিশু রাসেলকে যারা হত্যা করেছে তারা একটি সম্ভাবনাময় স্বপ্নকে হত্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পরিবারের সদস্যদের হত্যা ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।

জাতি এই হত্যাকাণ্ড মেনে নিতে পারেনি। পরাজিত শক্তির দোসর-খুনিদের ফাঁসির শাস্তির মধ্যদিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ,

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবার হোসেন, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ প্রমুখ।

বৃক্ষরোপণের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘শেখ রাসেল ও শিশু অধিকার’ প্রতিপাদ্য বিষয়ে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য মসজিদে মিলাদ মাহফিল এবং রাঙ্গামাটি মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ