জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় মেলাটি শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ।
এবারের মেলায় ইউনিলিভার বাংলাদেশ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, পারটেক্স স্টার গ্রুপ, বিকাশ লিমিটেড, প্রাণ-আরএফএল, আকিজ গ্রুপসহ মোট ৩০টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলমগীর কবির বলেন, ‘করোনার পরে সারাবিশ্বের মতো বাংলাদেশের কর্মক্ষেত্রেও বড় বাধা এসেছে যার ফলে অনেকেই চাকরি হারিয়েছেন।
শিক্ষাজীবন শেষ করতেও অনেকের লম্বা সময় লাগছে। এদিকে চাকরিদাতারা বলছেন, তারা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না। এই মেলা চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম হবে।’
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী, দেশের শিক্ষিত তরুণ বেকারের হার ১০ দশমিক ৭ শতাংশ।
এই বিশাল সংখ্যক বেকার তরুণ নিজেদের যোগ্যতা ও দুর্বলতার ব্যাপারগুলো সম্পর্কে অবগত নন।
ফলে নিজেদের যোগ্যতার উন্নয়ন ও কর্মক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছেন না। এই মেলায় চাকরি পাওয়ার পাশাপাশি চাকরির নানা প্রাসঙ্গিক বিষয়েও চাকরিপ্রত্যাশীরা জানতে পারবে।’