আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ।
২১ মার্চ আনুষ্ঠানিকভাবে সদ্য সাবেক চেয়ারপার্সন সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করবেন রাকিব আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, “ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রাকিব আহমেদকে ২১ মার্চ,
২০২২-এর পূর্বাহ্ন হতে ৩৬ মাসের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুবিধাদি ভোগ করবেন।
অফিসাদেশে বিদায়ী ও নবনিযুক্ত সভাপতিদ্বয়কে দায়িত্ব হস্তান্তর/ গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে নিয়ে স্বাক্ষরগ্রহণকারীর নিকট প্রেরণ করার অনুরোধ করা হয়।
নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন, “বিভাগের একাডেমিক এবং অন্যান্য কাজ সঠিক ও সুষ্ঠুভাবে পালনের জন্য সর্বাত্মক চেষ্টা করব।
এই বিভাগকে বাংলাদেশ ও বিশ্বের সেরা একটি বিভাগের রূপান্তর করতে চাই, সেই চেষ্টাও অব্যাহত থাকবে। পাশাপাশি গণমাধ্যম ও গবেষণায় যেনো বিভাগ ভূমিকা রাখতে পারে এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করছি।”
রাকিব আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পরবর্তীতে নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয় রটারডাম থেকে উন্নয়ন অধ্যয়নের ওপর পুনরায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।