আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা, শিক্ষার্থীদের মশাল মিছিল

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উপর ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনা ঘটেছে।

ভূক্তভোগী শিক্ষার্থীর নাম কাউসার আলম আরমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভূক্তভোগীর বড়ভাই সাকিব মাহমুদ। তিনি জানান, কিশোরগঞ্জে নিজ শহরে অবস্থানকালীন আজ বুধবার বিকাল আনুমানিক ৫ ঘটিকায় কিশোরগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী- মজিফ, সজিব, রাজীব ও তাদের সহযোগীরা আরমানকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকায় আরমানকে তারা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল। আহত আরমান বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, “আরমানকে তার নিজ শহরে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আমরা আরমানের পরিবার ও কিশোরগঞ্জের ডিসি, এসপিদের সাথে কথা বলেছি। প্রশাসনিকভাবে আরমানকে চিকিৎসা ও আইনি সহায়তা দেয়ার নিশ্চয়তা আমরা আদায় করেছি।”

এছাড়াও তিনি আরমানকে সর্বোচ্চ মানের সুচিকিৎসা দিতে ও দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এদিকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক আরমানের উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) রাত ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চ থেকে একটি মশাল মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে বটতলা সংলগ্ন এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

মিছিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।

আরমানের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় রাজিব নামক একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ