আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি শিক্ষক সমিতির ১৪টিতেই ‘সমঝোতা’, সম্পাদক পদে আইরিনের জয়

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ সাতটি পদে আওয়ামীপন্থী শিক্ষকরা জয়ী হয়েছেন। সমিতির মোট পনেরো পদের মধ্যে বাকি আটটি পদে বিএনপিপন্থী শিক্ষকরা বিজয়ী হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫৯১ জন বৈধ ভোটারের মধ্যে ৪৪৫ জন ভোট দেন, যার মধ্যে ১৭টি ভোট বাতিল হয়। দুপুর আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহলী ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে। আওয়ামীপন্থী অধ্যাপক আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মাহাতাব উদ্দিন আহমেদ পেয়েছেন ১৫৭ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার ৮০ ভোট পান।

অন্য সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক সোহেল রানা সভাপতি, মাসুম শাহরিয়ার কোষাধ্যক্ষ, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রায়হান শরীফসহ আটজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. এমরান জাহান এবং আরও ছয়জন নির্বাহী সদস্য নির্বাচিত হন, যাঁরা আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার অধিকাংশ পদ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত শিক্ষকদের মধ্যে সমঝোতার মাধ্যমে বণ্টন করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় শুধু সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়।

আগের বছরের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রেক্ষাপটে আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ ব্যানার নিয়ে কার্যক্রম শুরু করে। পরে এই নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধের আদর্শের শিক্ষক পরিষদ’ রাখা হয়। এবারের নির্বাচনে এ সংগঠনটি বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের’ সঙ্গে সমঝোতা করে প্যানেল গঠন করে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সহযোগী নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “এবার শুধু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”

নির্বাচনে বিএনপি সমর্থিত শিক্ষকদের মধ্যে সভাপতি পদে অধ্যাপক সোহেল রানা এবং কোষাধ্যক্ষ পদে মাসুম শাহরিয়ারসহ আটটি পদে জয় এসেছে। অন্যদিকে, আওয়ামীপন্থী প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ