আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি ছাত্রী নিহতের ঘটনায় উপাচার্যের শোক, ঘাতকের শাস্তি নিশ্চিতের আশ্বাস

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটো রিক্সা দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুতে শোক প্রকাশ করে অটোরিক্সা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আজ বুধবার (২০ নভেম্বর) জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক জনাব ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী (৫৩-তম ব্যাচ) আফসানা করিম আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন এলাকায় অটোরিক্সা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

ইন্নালিল্লাহি— রাজিউন। তিনি বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. রেজাউল করিম, মাতা কিছমত আরা বেগম। জেলা: শেরপুর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম দুর্ঘটনার খবর জানা মাত্রই ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত তাকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জরুরি বিভাগে চিকিৎসক জানান, আফসানা করিমের চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাওয়া যায়নি। পথেই তার মৃত্যু হয়েছে।

উপাচার্যের শোক

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অটোরিক্সা দুর্ঘটনায় আফসানা করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শোকাহত। এই মৃত্যু তার পরিবারের জন্য অপূণীয় ক্ষতি। আফসানা করিমের শোকাহত পরিবারের প্রতি উপাচার্য সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

অটোরিক্সা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

উপাচার্য জানিয়েছেন, ইতোমধ্যে সিসিটিভি দেখে ঘাতক রিকশাচালককে শনাক্ত করা হয়েছে। গেরুয়ায় তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তার দৃষ্টান্তমূলক শান্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করবে। উপাচার্য আরও জানান, অবিলম্বে ক্যাম্পাসে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিটি প্রকাশের কিছু সময় পর সেটি ‘জনসংযোগ কার্যালয় জা বি’ ফেসবুক পেইজ থেকে সরিয়ে নেওয়া হয়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ