জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুতে হওয়া মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মো. সাইফুল ইসলাম ভূইয়া।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা নাগাদ রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার তদন্ত কর্মকর্তা অলক কুমার দে।
তিনি বলেন, “আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার দোহার এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করে।”
গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম ভূইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামী। এর আগে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সাবেক) সুদীপ্ত শাহীন ৮ জন শিক্ষার্থীসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।