জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে
রবিবার(১৮ জুন) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা ৪০ পর্যন্ত পরীক্ষা গ্রহণ চলে। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ‘সি’ ইউনিট অধিভুক্ত কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরীক্ষার মাধ্যমে শেষ হয়।
এদিকে, সকাল থেকে হালকা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে কিছুটা বিপাকে পড়ে আগত অভিভাবক ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। তবে এতে কোন পরীক্ষা ব্যহত না হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে।
কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ষষ্ঠ শিফটে পরীক্ষা দিতে আসা ভর্তি-ইচ্ছুক নাদিম হোসেন বলেন,‘কোন ধরনের সমস্যা ছাড়াই সুষ্ঠ ভাবে পরীক্ষা হয়েছে। পরীক্ষা হলে কোন ধরণের ঝামেলা পোহাতে হয়নি এবং পরীক্ষা অনেক ভাল হয়েছে।’
এর আগে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক মোঃ নূরুল আলম। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদসহ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ নূরুল আলম বলেন, ‘আজকের ভর্তি পরীক্ষা খুুব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা অন্যান্য বছরের চেয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।’
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘প্রথম শিফটে এখন পর্যন্ত আনুমানিক ৭০ শতাংশের মত উপস্থিতি দেখা যাচ্ছে। এবছর ছেলে মেয়ে আলাদা শিফটে পরীক্ষা হওয়াতে আমাদের ভোগান্তি কম পোহাতে হবে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।’
কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোঃ মোজাম্মেল হক বলেন, ‘কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি১’ ইউনিটের উপস্থিতি ৭০ শতাংশ ও ‘সি’ ইউনিটের উপস্থিতি ছিল ৮০ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আজকের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশাকরি সামনের দিনের পরীক্ষা গুলোও সুষ্ঠভাবে সম্পন্ন হবে।’
এবার ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে ২ লক্ষ ৪৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী আবেদন করেন। এ হিসাবে প্রতি আসনের জন্য প্রায় ১৩৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
উল্লেখ্য যে, পরীক্ষা চলবে আগামী ২২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এছাড়া ২৩ থেকে ২৫ জুন ‘সি১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদের (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।