জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ বুধবার (১৯ এপ্রিল) চাঁদপুরের রসুইঘর রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান এর সঞ্চালনায় এবং সভাপতি ফরিদ আহমেদ জয় এর সভাপতিত্বে ইফতার মাহফিল ও
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: নাছির উদ্দিন আহমেদ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, অধ্যাপক ড. এম মেসবাহউদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, চাঁদপুর হলো মেধাবী শিক্ষার্থীদের উর্বর ভূমি। এই অঞ্চল থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। চাঁদপুরের শিক্ষার্থীরা সারা দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে। আমরা সবাই একতাবদ্ধ থেকে এই জনপদকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব।
সংগঠনটির সভাপতি ফরিদ আহমেদ জয় বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করতে সক্ষম হয়েছি। আমাদের এই ইফতার মাহফিল এর মূল উদ্দেশ্য চাঁদপুরের জাবিয়ানদের মিলনমেলা, যেখানে সাবেক এবং বর্তমানদের উপস্থিতিতে এই দিনটি মুখরিত হয়ে উঠে।