আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির কোয়ার্টারে থাকতে অনীহা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের

জাবি প্রতিনিধি:

ভাঙাচুরা ভবন,সরু করিডোর , ভেতরের সব সরঞ্জামই পুরনো, শুধু দেওয়ালের পলেস্তারা নয় বহু বছরের পুরনো সিলিং ফ্যানটিও একবার খুলে পড়েছিল।

এ ছাড়া পানির ট্যাঙ্কিতেও ছিল বড় ধরনের ছিদ্র, যা নিজের টাকায় সংস্কার করতে হয়েছে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাজ্জাদ সুমনের ক্যাম্পাসের ‘বি টাইপ’ কোয়ার্টারের ৪ নম্বর বাসার অবস্থা।

অধ্যাপক সুমনের ভাষ্যমতে, ‘এতোকিছুর পরেও পারিবারিক কারনে একরকম বাধ্য হয়েই থাকছেন এই বাসায়।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারগুলোর অধিকাংশই এমন নিম্নমানের। পাশাপাশি এসব বাসা বরাদ্দ পেতে প্রভাবশালী শিক্ষকদের প্রাধান্য দেওয়াসহ সংস্কারকাজে অনীহার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট অফিসগুলোর বিরুদ্ধে।

আবার এসব বাসায় থাকতে যে পরিমাণ ভাড়া গুণতে হয়, তার থেকে কম টাকায় বিশ্ববিদ্যালয়ের বাইরে ভালো মানের বাসায় থাকতে পারেন শিক্ষক-কর্মকর্তারা। এসব কারনে অভ্যন্তরীণ কোয়ার্টারে থাকার ব্যাপারে অনীহা তৈরি হচ্ছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের।

বিশ্ববিদ্যালয়ের বি টাইপের বাসাগুলোতে অধ্যাপক এবং জ্যেষ্ঠ ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার কর্মকর্তারা থাকতে পারেন।

একজন অধ্যাপকের বাসার চিত্রই যদি এমন হয় তাহলে অন্য শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বাসা কেমন হতে পারে সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অধ্যাপক সুমন।

খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন প্রায় আড়াই হাজার। তাদের জন্য ক্যাম্পাসে মোট বাসা রয়েছে ৫৪২টি। এর মধ্যে প্রায় ১৮০টি বাসা খালি পড়ে আছে।

অর্থাৎ দুই হাজারের বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোয়ার্টারে থাকতে পারছেন না। অথচ দেশের একমাত্র পূর্নাঙ্গ আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরও অভ্যন্তরীণ আবাসিক ভবনে থাকার নিয়ম রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় থেকে পর্যাপ্ত বাসার ব্যবস্থা তো করা তো দূরে থাক, যেগুলো বাসা আছে তার অবস্থা এতোটাই নাজুক যে, সেগুলোতে থাকার আগ্রহ হারাচ্ছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া বাসা বরাদ্দের ক্ষেত্রে দলপ্রীতির মতো অনিয়মের অভিযোগ রয়েছে।

শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য, সামাজিক নিরাপত্তা, যাতায়াতসহ পেশাগত কারনে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই থাকতে চান। তবে থাকতে চাইলেও প্রশাসনিক নানা অব্যবস্থাপনার কারনে তা সম্ভব হয়ে উঠছে না।

গত কয়েকদিনে প্রায় একডজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অধিকাংশের অভিযোগ- বাসা বরাদ্দ পাওয়া থেকে শুরু করে সংস্কার কাজসহ যেকোন সমস্যার সমাধানে পদে পদে হয়রানির শিকার হতে হয় তাদের।

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নিশাত পারভেজ ২০২১ সালের মে মাসে ফ্যামিলি বাসা বরাদ্দের আবেদন করেন। তবে তাকে এস্টেট অফিস থেকে সেসময় বলা হয়, তেমন কোন বাসা খালি নেই।

অথচ সংবাদমাধ্যমের তথ্য বলছে, ২০২১ সালের ওই সময়ে সহকারী অধ্যাপকদের জন্য সি টাইপ বাসার ৭৪টির মধ্যে ২৪টি খালি ছিল। এর পাশাপাশি সহকারী অধ্যাপকদের ‘ডি’ টাইপের বাসাও বরাদ্দ দেওয়া হয়।

সেসময় ১০০টি ডি টাইপের বাসার মধ্যে খালি ছিল ২০টি।
নিশাত পারভেজ অভিযোগ করে বলেন, ‘বাসা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসগুলো প্রভাবশালী ও অধিক পরিচিত শিক্ষকদের প্রাধান্য দেয়।’

সংশ্লিষ্টদের অভিযোগ- কোয়ার্টারে জরুরি কোন সংস্কারকাজের প্রয়োজন দেখা দিলে বারবার সংশ্লিষ্ট অফিসে জানানো হলেও তা করা হয় না। তবে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস বলছে, তিনবছর পরপর কোয়ার্টার সংস্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘সাত বছর ধরে আমি সি টাইপের একটি বাসায় থাকি। বাসার ছাদ থেকে ঢালাই খসে খসে পড়ছে। বাসার অবস্থা জীর্ণশীর্ণ ও স্যাঁতসেতে।

যা বসবাসের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতোগুলো বছরে সংস্কারের জন্য তাগিদ দিয়ে বারবার বলেও একবারও আমার বাসায় কোন সংস্কার কাজ পরিচালনা করা হয়নি। দায়িত্বের কারনে বাধ্য হয়ে এই বাসায় থাকছি।’

সরেজমিনে দেখা যায়, ‘ডি’ টাইপের কোয়ার্টারের অনেক খারাপ অবস্থা। ব্যাচেলর কোয়ার্টার অনেক নোংরা।রুমের বাইরে করিডোরে ভাংা বেসিন,কমোডের টুকরা পরে আছে ও চুনকাম করার পর পরিস্কার করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য তৈরি ‘ই’ এবং ‘এফ’ টাইপের বাসার অবস্থা সবচেয়ে নাজুক। এই দুই ক্যাটাগরিতে মোট বাসা রয়েছে ২৭৮টি। এর মধ্যে প্রায় অর্ধেক বাসা খালি পড়ে আছে।

‘ই’ এবং ‘এফ’ টাইপের আটটি ভবন সম্পূর্ণ পরিত্যক্ত পরে আছে। যেগুলো সংস্কারে কোন উদ্যোগ নেয়নি প্রশাসন। এগুলোকে ওই এলাকার অনেকে ‘ভুতের বাড়ি’ বলে সম্বোধন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ শ্রেণির একজন কর্মচারী অভিযোগ করে বলেন, বাসাগুলো খুবই নিম্নমানের রুমগুলো অনেক ছোট। পুরো বাসায় একটি মাত্র ওয়াশরুম।

৫-৬ সদস্যের পরিবারের জন্য ফ্ল্যাটগুলো মোটেই উপযোগী না। কিন্তু গ্যাস-বিদ্যুৎ বিলসহ ১১ হাজার টাকার মতো ভাড়া দিতে হয়। যা দিয়ে পার্শবর্তী এলাকায় ভালো মানের বাসায় অনায়াসে থাকা যায়। তাহলে এতো টাকা ভাড়া দিয়ে অন্যরা এই বাসায় কেন থাকতে চাইবে।

কর্মচারী সমিতির সভাপতি শেখ আব্দুর রহিম বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে বারবার সংস্কারের দাবি জানালে তারা পরিত্যাক্ত কোয়ার্টার আর সংস্কার করা হবে না বলে জানান।

নতুন কর্মচারী টাওয়ারে তাদের শিফট করার কথা বলা হয়েছে কর্তৃপক্ষ থেকে।
জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, বাইরে সস্তায় বাসা পাওয়া যায় বিধায় শিক্ষকদের কোয়ার্টারের প্রতি আগ্রহ কম।

আর সংস্কারকাজ দীর্ঘ হয় বলে কর্তৃপক্ষের সংস্কারের প্রতি আগ্রহ কম। শিক্ষকদের মধ্যে বাসা ভাড়া নিয়ে যে অসন্তোষ আছে সেটা নিয়ে শিক্ষক সমিতির কিছু করার নেই। কারন বাসা ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত।

বিশ্ববিদ্যালয়ের কোথায় কোন ভবন নির্মাণ হবে এ সংক্রান্ত পরিকল্পনা করে থাকেন “প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ” বিভাগ এবং তার জন্য অর্থ বরাদ্দ করে নিয়ে আসেন “জাহাঙ্গীরনগর ফিন্যান্সিয়াল কমিটি”।

ভিসি,প্রো-ভিসি দ্বয়,ট্রেজারার,রেজিস্ট্রার, সিন্ডিকেট মেম্বারদের সরাসরি তদারকি তে এসব কাজ হয়।

এ বিষয়ে ভিসি,ট্রেজারার ও রেজিস্ট্রার এর মন্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেস্টা করা হলেও কেউকে পাওয়া যায় নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ