আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে “৬ষ্ঠ নবীন ও ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা” অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

গত ২৭-২৮ সেপ্টেম্বর এবং ৪-৬ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “৬ষ্ঠ নবীন ও ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪”

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইেজশন (জেইউডিও) যারা প্রতিষ্ঠার শুরু থেকেই যুক্তিবাদী ও মননশীল মানুষ গঠনে বদ্ধপরিকর তাদের হাত ধরে “দিনবদলের প্রভাতফেরী, পাঞ্জেরি এসো আঁকড়ে ধরি” এ স্লোগানকে সামনে রেখে এ প্রতিযোগিতা আয়োজিত হয়।

৬ষ্ঠ নবীন বিতর্ক প্রতিযোগিতার বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লুৎফুন নাহার তরী এবং ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দর্শন বিভাগের ইসমে জাহান শুচি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ এবং ইন্সটিটিউট সকলে অংশগ্রহণ করে এবং আন্তঃবিভাগ পর্যায়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩৬টি দলকে পেছনে ফেলে বাংলা পর্যায়ের চূড়ান্ত পর্বে লড়াই করে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।

রবিবার সেলিম আল দীন মুক্তমঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই এর পর চ্যাম্পিয়ন হয় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। চূড়ান্ত বিতর্কের প্রস্তাব ছিল ‘এই সংসদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে কেন্দ্রীয়ভাবে ব্যানার বিলুপ্ত করবে।’

চ্যাম্পিয়ন দলের সদস্য রাতুল হাসান, মাহবুবা আনজুম, পৃথি আক্তার ও মোঃ ইব্রাহিম আলী। রানার আপ দলের সদস্য সাদাত ইবনে ইসলাম, আসিফুল ইসলাম আকাশ ও আল নাহিয়ান।

ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবা আনজুম।

এছাড়া বাংলা পর্যায়ে ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট হয় ৫জন বিতার্কিক। এরা হলেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাহবুবা আনজুম, রসায়ন বিভাগের ইমদাদুল হক ইভান, ভূগোল ও পরিবেশ বিভাগের বেদত্রয়ী গোস্বামী, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৌহিদুল সিয়াম ও মিতু মনি।

ইংরেজি পর্যায়ের চূড়ান্ত পর্বে লড়াই করে অর্থনীতি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। ইংরেজি পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগ এবং রানার্সআপ হয় প্রত্নতত্ত্ব বিভাগ। ইংরেজি বিতর্কের চ্যাম্পিয়ন দলের সদস্য অর্থনীতি বিভাগের ফারিম আহসান ও বর্ণ সাহা।

রানারআপ দলের সদস্য প্রত্নতত্ত্ব বিভাগের সুমাইয়া আক্তার ও জুনাইদ কবীর। ফাইনালিস্ট হয়েছে নৃবিজ্ঞান বিভাগের সাদমান অলীভ ও সাদিয়া আফরিন আদ্রা এবং ম্যানেজমেন্ট বিভাগের আসিফুল ইসলাম আকাশ ও আল নাহিয়ান।

ডিবেটার অব দ্য টুর্নামেন্ট অর্থনীতির ফারিম আহসান, ডিবেটার অব দ্য ফাইনাল প্রত্নতত্ত্ব বিভাগের সুমাইয়া আক্তার।

গত (০৬ অক্টোবর) রবিবার, সেলিম আল দীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে সকলকে পুরষ্কৃত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, জেইউডিও’র মডারেটর অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান এবং জেইউডিও’র সাবেক সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রণয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সমাপ্তি ঘোষণা করেন জেইউডিও’র সভাপতি তাপসী দে প্রাপ্তি। তিনি সভাপতির বক্তব্যে বলেন, “বারবার ইতিহাস গড়ার মধ্য দিয়ে জেইউডিও নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে। বিতর্কের মাধ্যমে সমাজের সকল ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা ও মননশীলতার সঞ্চার ঘটুক, তরুণদের মাঝে শুভবুদ্ধির উদয় হোক- এই আমাদের প্রত্যাশা।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ