আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে বিড়াল অপসারণের নির্দেশে ডিইএসসিএফ এর উদ্বেগ

প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে বিড়ালসহ অন্যান্য চতুষ্পদ প্রাণী রাখায় হল প্রশাসনের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় শাখা (ডিইএসসিএফ)।

গত বৃহস্পতিবার জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুরশেদা বেগম বরাবর একটি স্মারকলিপি দেন ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
বিষয়টি আজ নিশ্চিত করেছেন ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সভাপতি মোসাদ্দেকুর রহমান।

স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, হল প্রশাসন ছাত্রীদের বিড়াল বা যেকোনো চতুষ্পদ প্রাণী পালনে প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারেন। কিন্তু হলে অনেক মালিকানা বিহীন বিড়াল ও অন্যান্য চতুষ্পদ প্রাণী আছে।

যারা হলপ্রাঙ্গণে ঘোরাফেরা ও শিক্ষার্থীদের কাছে মাঝেমাঝে খাদ্য গ্রহণ করলেও ব্যক্তিমালিকানাধীন নয়। প্রাণীকল্যাণ আইন ২০১৯ যাদেরকে মালিকবিহীন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে। একই আইনে ধারা ৭ অনুযায়ী এই প্রাণীদের অপসারণ বা নিধন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

স্মারকলিপিতে তাঁরা আরও উল্লেখ করেন, হলে বসবাসকারী ব্যক্তিমালিকানাহীন বিড়াল ও অন্যান্য চতুষ্পদ প্রাণী অপসারণ করা হবে না বলে আমরা আশা করছি।

শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা পরিবেশের সাথে প্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের জন্য ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন সদাপ্রস্তুত থাকবে।

ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অনন্যা ফারিয়া বলেন, সম্প্রতি জাহানারা ইমাম হল প্রশাসন হলে বিড়াল রাখা যাবে না বলে বিজ্ঞপ্তি দিয়েছে।

একটি হলে ব্যক্তিমালিকানাধীন যেমন বিড়াল থাকে তেমনি অনেক বেওয়ারিশ বিড়াল থাকে তারা আসলে প্রকৃতির সহজাত নিয়মেই থাকে। ব্যক্তিমালিকানাধীন বিড়ালের বাইরে যেসব বেওয়ারিশ বিড়াল আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় আমাদের কনসার্ন সেই জায়গায়। বিড়াল এবং মানুষের সহবস্থান নিশ্চিত করতে প্রয়োজনে আমরা ক্যাম্পেইন করব।

এ বিষয়ে জানতে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুরশেদা বেগম প্রথম বলেন, আমাদের হলের ছাত্রীরা কয়েকজন আমার কাছে অভিযোগ করেছে যে বিড়াল তাদের রুম, ওয়াশরুম, ডাইনিং নোংরা করাসহ ভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। তারই প্রেক্ষিতে আমরা এমন নিষেধাজ্ঞা দিয়েছিলাম।

ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন নামক সংগঠন থেকে একটি স্মারকলিপি আমাদের হল প্রশাসনিক কর্মকর্তার কাছে দিয়ে গেছে। আমি হলে ছিলাম না তবে বিষয়টি জানি। ওই ফাইলটি হলে আছে আমি দেখব।

প্রসঙ্গত, গত ৩০মে বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ ড. খুরশিদা বেগম কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে বলা হয় “হলের মধ্যে যারা বিড়াল ও অন্যান্য চতুষ্পদ প্রাণী (যদি থাকে) পুষছেন, তাদেরকে আগামী ৫ জুনের মধ্যে সেসব প্রাণী হলের বাইরে রেখে আসার জন্য বলা হলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ