জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আল-বেরুনী হল প্রিমিয়ার লীগের অষ্টম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় আল-বেরুনী হলের মাঠে ৪৪তম ব্যাচ বনাম ৪৫ ব্যাচের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৪৫তম ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম ।
তাঁর বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা আমাদের শরীর, মন ও স্বাস্থ্যকে ভাল রাখে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া শিক্ষার্থীদের এমন আয়োজনের সমাপনের জন্য অনেক ধন্যবাদ। এ হলের সাবেক একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই এরকম আয়োজন যেন নিয়মিত ও পুরো বিশ্ববিদ্যালয়ে হোক আর সেখানে আল বেরুনী হলের শিক্ষার্থীরা নেতৃত্ব দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
আরিফ বলেন, আল বেরুনী হলে শিক্ষার্থীদের এমন উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের সাথে সম্পর্কে দৃঢ় করবে। পুরো ক্যাম্পাসে ছাত্রলীগ এভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পর্কোন্নয়ন করুক, খেলাধুলার এরকম নিয়মিত আয়োজন হোক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করায় আল বেরুনী হল ছাত্রলীগকে ধন্যবাদ। আশা করি সামনের দিনে তাদের এ আয়োজন অব্যাহত থাকবে ও বিস্তৃত হবে।
৪৬তম আবর্তনের শিক্ষার্থী সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হল ছাত্রলীগ নেতা এনামুল হক, মাহমুদুল হাসান স্মরণ, শাহরিয়ার কবির অনিকসহ প্রমুখ।
আয়োজকরা বলেন, এবার দিয়ে ৮ম বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হলো। এরই ধারাবাহিকতায় এবার আমরা ৪৬তম আবর্তন এ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম৷ আশা করছি সামনের দিনগুলোতেও এরকম টুর্নামেন্টের মাধ্যমে হলের সকল শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সুন্দর সম্পর্ক বজায় থাকবে।
সমাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আল বেরুনী হল ছাত্রলীগের আসিফ মাহদী আবির, চিন্ময় সরকার, ইমরান আহমেদ ও পরশ শাহাসহ বিভিন্ন ব্যাচের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।