আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে পোষ্যকোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালু এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের শাবাব।

মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, ‘পোষ্য কোটার যৌক্তিক সংস্কার প্রয়োজন। নবম গ্রেড বা তার উপরের পদমর্যাদার কোনো শিক্ষক কিংবা কর্মকর্তা এই সুবিধা গ্রহণ করতে পারবেন না। তারা সমাজের অনগ্রসর অংশ নন, তাই এ ধরনের অতিরিক্ত সুবিধা গ্রহণ বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে আমরা বলেছি, পোষ্য কোটার ক্ষেত্রে একটি ন্যূনতম কাটমার্ক থাকতে হবে এবং তা যথাযথভাবে অনুসরণ করেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে হবে।’

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে অনিয়ম ও দুর্নীতি হয়ে আসছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। গত ১৪ নভেম্বর থেকে আমরা ভিসি কোটা বাতিল, মুক্তিযোদ্ধা কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা চালু ইত্যাদি দাবিতে আন্দোলন করছি। প্রশাসন মৌখিকভাবে আশ্বাস দিলেও দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।

আমরা প্রশাসনকে কঠোরভাবে জানিয়ে দিতে চাই—আজকের মধ্যে ভিসি কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা না হলে এবং অন্যান্য দাবিতে কোনো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা না হলে, আগামী এক কর্মদিবসের মধ্যে আমরা প্রশাসনিক ভবন অবরোধ করব। এছাড়া, সমস্যাগুলোর সমাধান না হলে আমরা কোনোভাবেই ভর্তি পরীক্ষা হতে দেব না।’

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্য কোনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ভিসি কোটা নেই। আমরা দাবি করছি, আগামী এক কর্মদিবসের মধ্যে ভিসি কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে প্রশাসনিক ভবন অবরোধ করব। পাশাপাশি, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। এই উপাচার্য যদি বৈষম্যমূলক কোটার সংস্কার করতে ব্যর্থ হন, তবে তার ভাগ্যও পূর্বের ভিসি নূরুল আলমের মতোই হবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসন মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা বাতিলের কথা জানিয়েছে, তবে এখনও কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ