জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ মাইনুদ্দিন হাওলাদার (মঈন)।
২১ ডিসেম্বর (রবিবার) সংগঠনের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান আদর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আশিকুর রহমান রাব্বি, জুবায়ের ইসলাম জয়, সাইয়েদা সানজিদা, নাজমুন নাহার নিপাসহ মোট ১০ জন দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান ও অর্পিতা সিকদারসহ ৫ জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ আসাদুল ইসলাম শফিক, মুইদুল ইসলাম নিবির ও নাদিয়া আক্তার মিম।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে অর্পন সমাদ্দার, দপ্তর সম্পাদক হিসেবে রামিম হক, প্রচার সম্পাদক হিসেবে মেহেদি হাসান মিয়াদ এবং ভর্তি পরীক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সাব্বির হোসেন দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে কমিটিতে আরও বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যকারী সদস্য রাখা হয়েছে।
পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, “আমাদের জেলা সমিতি হচ্ছে ক্যাম্পাসের মধ্যে আমাদের জন্য সবচেয়ে আস্থা এবং প্রশান্তির জায়গা, এটা আমাদের নিজেদের জেলার বাহিরে অন্যান্য মানুষের জন্যও একটি হেল্পফুল সংগঠন। আমাদের জেলা সমিতির বয়স কম হলেও এটি ইতোমধ্যে একটি স্বনামধন্য প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও আমাদের জেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য আমরা তাবু তৈরি করে তাদেরকে সার্বিক সহায়তা করছি। আমরা আগামী একবছরে আমাদের জেলার সাবেক ও বর্তমান জাবিয়ানদের নিয়ে সমন্বিত এবং পৃথক বিভিন্ন শিক্ষা, সেবা, ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করবো, যাতে আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায় এবং প্রত্যেকেই নিজের নেতৃত্বগুণ ও কর্মদক্ষতাকে শাণিত করার জন্য পরিবারতুল্য একটি স্থান খুঁজে পায়। এবং অদূর ভবিষ্যতে আমরা ক্যাম্পাস পরিসর থেকে রাষ্ট্রীয় পরিসরে কাজ করার আশা পোষণ করছি।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন হাওলাদার (মঈন) বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পটুয়াখালীর সমৃদ্ধ ঐতিহ্যকে ক্যাম্পাসে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে ভর্তি পরীক্ষায় আসা অনুজদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান এবং আমাদের সদস্যদের মেধা বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।