জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বারের মতো জেইউ উইমেন্স স্পোর্টস সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
আয়োজক সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- সংশপ্তক ব্রাভোস, সুইজারল্যান্ড সুপারনোভাস, ছায়ামঞ্চ এলিট ফোর্স, বোটানিক্যাল ব্লাস্টার্স, লেকসাইড ঠাণ্ডার্স এবং চৌরঙ্গী চ্যালেঞ্জার্স।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের নামের সাথে মিল রেখে দলগুলোর নামকরণ করা হয়েছে। প্রতি দলে ৮ জন খেলোয়াড় রয়েছে। এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৪২ ব্যাচ থেকে ৫৩ ব্যাচের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
দিনের প্রথম ম্যাচে চৌরঙ্গী চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় ছায়ামঞ্চ এলিট ফোর্স। নির্ধারিত ২০ মিনিট সময়ে খেলাটি গোল শূন্য ড্র হয়। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।
জেইউ উইমেন্স স্পোর্টস সোসাইটির অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফাতিমা তুজ জোহরা লিসা বলেন, “আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জাহাঙ্গীরনগরের মেয়েরা ফুটবলের প্রতি যেন আরও আগ্রহী হয়।
এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের নতুন অনেক খেলোয়াড় বেরিয়ে এসেছে। আমাদের নতুন খেলোয়াড়রা আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দলে খেলার পাশাপাশি দেশের ফুটবলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করবো।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। জাহাঙ্গীরনগরে এর আগে কোনো সময় এইরকম ভাবে নারীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের নারী শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “নারীদের এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন আমাদের সবার জন্য প্রেরণার, যা নারী শিক্ষার্থীদের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকলকে উৎসাহিত করবে।
অভ্যুত্থান পরবর্তী ট্রমা থেকে মু্ক্তি পেতে শরীরচর্চা সকল শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আমরা চলমান রাখবো। ভবিষ্যতে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সকল সহায়তা করবে।”