আজ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৯

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকান নিয়ন্ত্রণের বিরোধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে, যাতে দুই পক্ষের অন্তত নয় শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটায় নজরুল হল-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার জয় জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং দুই হলের শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দোকানগুলোর মালিকানা সংক্রান্ত বিষয়ে দুই হলের প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনার মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছানো হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, নজরুল হলের সামনে অবস্থিত ছয়টি দোকানের মালিকানা নিয়ে কিছুদিন ধরেই দুই হলের শিক্ষার্থীদের মধ্যে টানাপোড়েন চলছিল। দোকানগুলো নিজ হলের সীমানায় থাকায় নজরুল হলের শিক্ষার্থীরা এর মালিকানা দাবি করে আসছিলেন। বিপরীতে, রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা দোকানগুলোর মালিকানা ছেড়ে দিতে অস্বীকৃতি জানানোয় প্রথমে উত্তেজনা তৈরি হয়, যা পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে রূপ নেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ