আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি

ক্যাম্পাসে দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে ক্যাম্পাসে দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী রাজনীতির বিরুদ্ধে অবস্থানকারী সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন৷

স্লোগানে উত্তাল মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে মেয়েদের হল প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে এসে শেষ৷ এসময় শিক্ষার্থীরা ‘সব জাবিয়ান ভাই ভাই, ছাত্র রাজনীতির ঠাঁই নাই’, ‘রাজনীতির অংশীদার এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘ডান-বামের রাজনীতি, চাই না কারও উপস্থিতি’, ‘সন্ত্রাস মাদক ধর্ষণ, ছাত্র রাজনীতির অর্জন’, এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি’, ‘অপরাজনীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।

শিক্ষার্থীদের মধ্য থেকে কথা হয় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী মুসা ভূইয়ার সাথে। তিনি বলেন, “সারাদেশের ক্যাম্পাসগুলোতে যে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি এবং শিক্ষক রাজনীতি সেগুলোর ফলাফল কখনোই সাধারণ শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক ছিল না। বরং এসবের প্রভাব সবসময় সাধারণ শিক্ষার্থীদের উপরে পড়েছে।

তাই আমরা চাই কোনোরকম টালবাহানা না করে, অনির্দিষ্টকাল, সাময়িক সময় এই ধরণের শব্দের মারপ্যাঁচ না খেলে উপাচার্য স্যার আগামী রবিবারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করবেন। এটা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীর দাবি।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ