জাবি প্রতিনিধি :
‘নতুন পথের গল্প বুনি সিনেমার উৎসবে’- প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একান্নবর্তী’। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ভিত্তিক সংগঠন জহির রায়হান ফিল্ম সোসাইটি’র উদ্যোগে আয়োজিত হচ্ছে এ উৎসব।
মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোঃ নূরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চলচ্চিত্র গণমাধ্যমের একটি শক্তিশালী মাধ্যম। সমাজ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি চলচ্চিত্রের মাধ্যমে ফুটে উঠে।
মানসম্পন্ন একটি চলচ্চিত্র সমাজকে বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের এই অবস্থা কিছুটা নাজুক বলে মনে হয়। বহু সংখ্যক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ভালো মানের চলচ্চিত্রের অভাবে দর্শকরা সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, এখন চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনা জরুরি। সুস্থ্য ধারার চলচ্চিত্র আন্দোলন এ অবস্থা ফিরিয়ে আনতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রিফাত খান অনিক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, উৎসবের পরিচালক অধ্যাপক মাসউদ ইমরান, নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, সিনেমার পোস্টার ডিজাইনার হানিফ পাপ্পু, সংগঠনের সদস্যরা প্রমুখ।
উল্লেখ্য, আজ উৎসবের প্রথমদিনে সকাল সাড়ে ১০ টায় জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে জহির রায়হান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’।
বেলা ১১টায় জহির রায়হানের চলচ্চিত্রের ওপর ক্লাস নেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিকাল ৫ টায় সেমিনার কক্ষে প্রদর্শিত হয় আরিফুর রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘স্কুটি’ এবং সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’।
দ্বিতীয় দিন ১৭ই মে ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর তত্ত¡াবধানে ‘স্ক্রিপ্ট ল্যাব’ এর প্রথম সেশন এবং বিকাল ৩টায় নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বিকালে তারকা আলাপে অংশগ্রহণ করবেন অভিনেত্রী অপি করিম। সন্ধ্যা ৭টায় জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হবে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’।
সমাপনী দিন ১৮ই মে ‘স্ক্রিপ্ট ল্যাব’ এর সমাপনী সেশন অনুষ্ঠিত হবে। বিকালে তারকা আলাপে অংশগ্রহণ করবেন অভিনেত্রী নাজিফা তুষি। বিকাল ৫টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘হাওয়া’।
এছাড়াও সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অধ্যাপক শামীম রেজার সঞ্চালনায় ‘সেন্সরশীপ বনাম গল্প বলার স্বাধীনতা’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, আশফাক নিপুন ও মেজবাউর রহমান সুমন।