আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে জালিয়াতির মাধ্যমে চান্স, নেপথ্যে বুয়েট শিক্ষার্থী মাহফুজ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছে প্রক্সির মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থী।

আটক হওয়া শিক্ষার্থীর নাম সৈয়দ আব্দুস সামি। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়।

তিনি আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি এবং শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পাস করেন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সাক্ষাৎকার দিতে এসে আটক হন তিনি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সির বিষয়টি স্বীকার করেন সামি।

সামি গণমাধ্যমকে বলেন, ‘এলাকার পরিচিত এক ছেলের মাধ্যমে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিলের সঙ্গে প্রক্সির বিষয়ে কথা হয়।

শাকিল পরবর্তীতে বুয়েট পড়ুয়া মাহফুজ নামে এক শিক্ষার্থীর মাধ্যমে প্রক্সি দেওয়ার ব্যবস্থা করেন। শাকিলের মাধ্যমে ৩ লাখ ৪০ হাজার টাকা চুক্তি হয়। ভর্তি পরীক্ষার আগে ২ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়।

ভাইভা শেষে বাকি ১ লাখ ৩৫ হাজার টাকা মাহফুজকে দেওয়া হবে বলে ওই টাকা শাকিল জমা নেন।’
সামি আরও বলেন, ‘সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে পরীক্ষার আসন পরে। আমি পরীক্ষা দেইনি। তবে মাহফুজ নিজে পরীক্ষা দিয়েছে কি-না সেটা নিশ্চিত জানি না।

মেধাতালিকায় আমার ১১৬ তম স্থান আসে। মাহফুজ ভাইয়ের অধীনে আরও তিন-চারজন এরকম চুক্তি করেছে বলে জানি। এ পুরো বিষয়ে সব ধরনের ঝুঁকি শাকিল বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।’

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবার হোসেন বলেন, ‘ওই শিক্ষার্থীর হাতের লেখার সঙ্গে তার ভর্তি পরীক্ষার খাতার (ওএমআর) লেখার মিল না পাওয়ায় সন্দেহ হয়। পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘প্রক্টর অফিস থেকে নিরাপত্তা শাখায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে।

পরে ওই ছাত্র প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করে। তার মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় জালিয়াতি চক্রের কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ওই ছাত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ