আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি:

ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি বন্ধ, আবাসিক হলে রাজনৈতিক ব্লক ও গণরুম-গেস্টরুম নির্মূলসহ  ছাত্র সংসদ (জাকসু) চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৮ আগষ্ট) বিকাল ৪:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয় আহসান লাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরেক সমন্বয়ক
তৌহিদ মোহাম্মদ সিয়াম। তিনি বলেন, “যেদিন থেকে আমরা দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে আলাপ তোলা শুরু করেছি সেদিন থেকে একটি মহল আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে দলীয় রাজনীতি বন্ধ হলে ছাত্রদের রাজনৈতিক সচেতন হওয়ার কোনো প্লাটফর্ম থাকবে না। কিন্তু আমরা দেখতে পাই বিগত ১৫ বছর যারা দলীয় রাজনীতি করছে যেটাকে তারা সচেতনতা বলছে সেটার মাধ্যমে তারা বাংলাদেশের সবচেয়ে বড় জালিমকে উৎখাত করতে পারে নাই। এই জালিমকে উৎখাত করেছে দলীয় রাজনীতি না করা সাধারণ আপামর ছাত্রজনতা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই সাধারণ ছাত্রজনতাই এই বাংলাদেশে সবচেয়ে বেশি সচেতন। স্বাধীনতার ৫৩ বছর পরে এই দলীয় রাজনীতির মাধ্যমে আমরা ক্যাম্পাসে রামদা, ছুরি, চাপাতি, হত্যা, ধর্ষণ এগুলোর বাইরে ভালো কিছু পাই নাই। এখন এর বিপরীতে গিয়ে দলীয় রাজনীতি বন্ধ করে ভালো কোনো ফলাফল আনা সম্ভব কিনা সেটা আমরা দেখতে চাই। আমরা যে ৯ দফা নিয়ে আন্দোলন করেছিলাম, তার মধ্যে অন্যতম দাবি ছিলো ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে, সেটা ভালো হোক বা খারাপ। আমরা শহীদদের রক্তের সাথে বেঈমানী করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। যতদিন পর্যন্ত আমাদের জীবন আছে এর মধ্যে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র-শিক্ষক-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করে ছাড়বো। এর পরিবর্তে সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে সেজন্য জাকসু চালু করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে জাকসু দিতে হবে।

তিনি আরো বলেন, “ক্যাম্পাসে কিছু গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা আগে ব্লকে রাজনীতি করতো তারা আবার সাধারণ শিক্ষার্থীর নামে সংঘবদ্ধ হয়ে তাদের যে গোষ্ঠীগত ক্ষমতা সেই ক্ষমতা ভোগ করতে চাচ্ছে। আমরা তাদেরকে বলে দিতে চাই স্বৈরাচারকে উৎখাত করতে আমাদের ৩৬ দিন সময় লেগেছে। আপনাদেরকে উৎখাত করতে আমাদের ৩৬ মিনিট সময়ও লাগবে না।’

শিক্ষার্থীদের সঙ্গে একাত্নতা প্রকাশ করে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তন চাই।  শিক্ষকরা যে হত্যার রাজনীতি করে সেই রাজনীতি আমরা চাই না। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যেদিন হামলা চালানো হয়েছিল সেদিন আমিও আহত হয়েছিলাম।  কিন্তু এতদিন আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল বলে চুপ করে ছিলাম। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরণের রাজনৈতিক কর্মকান্ড চলবে না। সাধারণ শিক্ষার্থীরা যা বলে, ছাত্র সংসদ যা বলবে এই কমিউনিটির সবাই সেভাবে চলবে।”

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জাবি শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে শতভাগ আবাসিক হলেও বাস্তবে আবাসিক রুপ ধারণ করতে পারেনি। এর কারণ ছিল সরকারের দালাল সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে একটি বছর গণরুমে রেখে আমাদের স্বপ্নগুলো শেষ করে দিত। আমরা ছাত্র-জনতা এক হয়ে যদি স্বৈরাচারী সরকারকে হটাতে না পারতাম তাহলে আরও যুগ যুগ ধরে তাদের অত্যাচার সহ্য করতে হতো। আমাদের বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, কারা চালাবে সেটি ঠিক করার জন্য আমরা সবাইকে নিয়ে একটি মুক্ত মতবিনিময় সভার আয়োজন করব। সেখানে সবার মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার রুপরেখা ও নীতিমালা তৈরি করা হবে। আমরা দেখেছি শিক্ষক রাজনীতির কবলে পড়ে কিভাবে মেধাবী শিক্ষার্থীরা স্বর্ণপদক পাওয়ার পরেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে নি। আমরা এই শিক্ষক রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যোগ্য ব্যক্তিদের বসাতে হবে। প্রক্টরিয়াল বডির সবাইকে ক্যাম্পাসে থাকতে হবে। হুট করে একজন অদক্ষ ও উড়ে এসে জুড়ে বসা প্রক্টরকে আমরা মেনে নেব না। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে থাকা দূর্নীতি দমন করে, হল সংসদ ও ছাত্র সংসদ চালু করাসহ আমাদের সকল দাবি মেনে নেওয়া হলে আমরা এই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানার ভেঙে ফেলব। তার আগে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে দাবি আদায়ের কাজ করতে হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ