জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ (এসআরবিএম) কর্তৃক আয়োজিত অন্তঃসমাজবিজ্ঞান অনুষদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লোকপ্রশাসন বিভাগ। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগকে হারিয়ে এ গৌরব অর্জন করে বিভাগটি।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর গ্যালারী কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ৭ টি বিভাগের বিতার্কিক দল অংশগ্রহণ করে।
লোকপ্রশাসন বিভাগের হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন, মেহনাজ বিনতে রহমান, সুমাইয়া জামান প্রীতি ও রিদওয়ান আহম্মেদ রাব্বি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের হয়ে বিতর্কে অংশ নেন -সাদিক শাহরিয়ার, এহসান আল মুস্তাকিম হামিম ও সমর্পিতা ঘোষ।
বিতর্ক প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রিদওয়ান আহম্মেদ রাব্বি এবং ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশনের অভিষেক শর্মা। বিজনেস
বিতর্ক শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক আহমেদ রেজা, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক প্রমুখ।
উল্লেখ্য, সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ প্রথমবারের মত অন্ত:সমাজবিজ্ঞান অনুষদ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে।