নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।
এসময় একপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র দুই নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার৷ (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে এসে ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মাতবর।
অভিযুক্তরা হলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়াল ও মো. শামীম।
জানা গেছে, সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বেদীর কিছুটা সামনেই হট্টগোল শুরু করে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের। এসময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়।
এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন মাতবরকে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়। কিছুক্ষণ পরেই জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে আবারও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে হট্টগোল শুরু হয়। এসময় ঢাকা জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা বদরুল আলম সুমনকে মারধরের ঘটনা ঘটে।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন বলেন, ‘ফুল দেওয়ার সময় বেদীর সামনে একটু ধাক্কাধাক্কি হয়েছে। ওখানে তেমন কোন গ্যাঞ্জাম হয়নি। কিন্তু পরে ওই গ্যাঞ্জামের রেশ ধরে পরিকল্পিত ভাবে আমাদের উপর ওরা হামলা করেছে।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতাকে বিদায় দেয়ার জন্য আমি তাকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। তখন স্মৃতিসৌধের মূল গেটে পেছন থেকে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম ওরফে হৃদয় দয়াল এসে বলে ওই বদি সুমনরে ধর। আমি পিছনে তাকানোর পরই, হৃদয় দয়াল আমাকে এলোপাতাড়ি আঘাত করছে।’
‘স্বেচ্ছাসেবক দলের মতো একটি সুশৃঙ্খল সংগঠনে হৃদয়ের মতো যারা আগে আওয়ামী লীগের রাজনীত থেকে এখন এসে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করছে। তাই আমি দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে সাংগঠনিক ব্যবস্থা চাইবো। প্রশাসনের কাছেও আমি এঘটনায় অভিযোগ দায়ের করবো।’
সিনিয়ার যুগ্ম আহ্বায়ক ও সাভার পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মাদবর বলেন, ফুল দেওয়া নিয়ে ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহনরা ঝামেলা করে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে বলে জানান তিনি।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, হৃদয় দয়াল আমার অনুসারী। স্মৃতিসৌধে মারামারিতো হয় নাই। জাস্ট ধাক্কাধাক্কি হইছে। আমরা যারা সিনিয়র ছিলাম পরে সেটা সমাধান করে দিয়েছি। তারপরও আমরা এটা নিয়ে বসব। কারণ সুমন ভাই আমার বড় ভাই। আমরা একসাথে পলিটিক্স করেছি।