জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বারংবার অপমান অপদস্তের শিকার হচ্ছেন একজন শিক্ষক। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
২ অক্টোবর শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী এলাকায় কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আ. কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে খাবার খেয়ে মাওলানা কুদ্দুস বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে বাড়ির উত্তর পাশে দোচালা ঘরের টিন ভাঙ্গার শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন যে কয়েকজন যুবক তার দোচালা ঘরটিতে হামলা করে ভাঙচুর করছে। সে সময় তিনি এবং তার ছেলেরা ভাঙচুর থেকে বিরত থাকার জন্য ওদেরকে কাকুতি মিনতি করেন।
তার কথায় কান দিয়ে তারা উল্টো তাদের ওপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে তেড়ে আসে মারার জন্য। এসময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা চলে যায়।
স্থানীয়রা জানান, মাওলানা কুদ্দুস এবং জাকির পাটোয়ারীর মধ্যে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয়ে সমস্যা চলে আসছিল। গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমানের উপস্থিতেতে একটি সালিশি বৈঠক হয়।
সে সালিশে জাকির পাটোয়ারী এবং মাওলানা কুদ্দুস সাহেবের সাথে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়। কিন্তু গত ২ সেপ্টেম্বর কোনো কথাবার্তা ছাড়াই বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা।
এ বিষয়ে মাওলানা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি মো. জাকির হোসেন পাটওয়ারী, মো. দিদারুল ইসলাম রাসেল, মোসা. আলেয়া বেগম, মো. মাজহারুল ইসলাম ও মো. কাউছার পাটওয়ারীকে বাদী করেছেন।
বেলাল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি এ পথ ধরে যাচ্ছিলাম, হঠাৎ ভাঙচুরের আওয়াজ শুনে দেখি কয়েকজন যুবক বসতঘরে ভাঙচুর করছে। পরে আমি বাড়ির পাশে দোকানে এই ঘটনা জানালে প্রতিবেশীরা তাদেরকে বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়। ‘
মাওলানা আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ‘জাকির দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি ভোগদখল করে আসছে। সর্বশেষ শালিসে আমাদেরকে ভূমি বুঝিয়ে দেওয়া হয়। সে মোতাবেক আমরা জমি বুঝে পেয়ে তাতে বেড়া দিই। কিন্তু জাকির তাদের লোক দিয়ে সেই বেড়া এবং আমাদের ঘর ভাঙচুর করেছে।’
এ বিষয়ে মো. জাকির হোসেন মিজি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।’
এস আই আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘অভিযোগের আলোকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে অভিযোগের সাথে মিল পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’