আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

নিজস্ব প্রতিবেদক :

জমি নিয়ে বিরোধের জেরে সরকারি এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজা ও বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের ভাই ও ভাতিজা পলাতক রয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বলিয়াদী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত কলেজ শিক্ষক হলো রেজা সাইদ আল মামুন। তিনি কালিয়াকৈরে উপজেলা চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ’র অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের সঙ্গে তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলছে। আজ তার ফসলি জমিতে কচুরিপানা ফেলে রাখার কারন জানতে চাইলে
ক্ষিপ্ত হন তার বড় ভাই মজিবর রহমান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় মজিবর ও তার ছেলে সুমন এলোপাথারী মারধর করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে খুন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ