জবি প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ উদ্যান ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘বৈষম্যের খুনিরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘তুমি কে, আমি কে? পারভেজ, পারভেজ’—এই ধরনের স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।
সমাবেশে যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে হত্যাকারীদের পরিচয় স্পষ্ট। তারা বৈষম্যবিরোধী ব্যানারে রাজনীতি করেন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। নইলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে সুমন সরদার বলেন, “আপনি যদি এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকেও হটিয়েছি—আপনাকেও ছাড় দেওয়া হবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সৌরভ, মহসিন, ফারুক, কাওসার, মাসুদ, পরাগ, রাকিব, আরিফ, আরাফাত, মারুফ, রায়হান হোসেন অপু, আবু তাহের, প্রধান, রবিন, মেহেদী, মামুন, আবু সুফিয়ানসহ শতাধিক নেতাকর্মী।