আজ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই আগস্ট, ২০২৬ ইং

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি’

পলি আক্তার, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের ৪০-৫০ জন নেতাকর্মী জোরপূর্বক প্রবেশ করে অনুষ্ঠানটি ভণ্ডুল করার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠান পণ্ড হওয়া থেকে রক্ষা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন। তবে পরে শিবিরের উসকানিমূলক আচরণের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করা হয়।

ছাত্রদলের অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবির বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবির আন্দোলনে ছাত্রদল সমর্থন দিয়েছিল এবং এ দাবির বিরোধিতা করেছে ছাত্রশিবিরই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে একই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে, নিজেদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ থেকে দৃষ্টি ভিন্নদিকে সরাতেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও দাবি করে সংগঠনটি।

ছাত্রদল জানায়, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস, উগ্রবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ