ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদকে মারধর করে তার সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।
৩১ মে সোমবার রাত ৯ টার দিকে বাড়িতে যাওয়ার পথে উপজেলার পৌর এলাকার কামিন ডাক্তারের ব্রিজের উপর এই ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক নূরুল ইসলাম ফরহাদ প্রতিদিনের মতো একই সময়ে মোটরসাইকেল দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কামিন ডাক্তারের ব্রিজের বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে বাধাপ্রদান করে এবং মাস্ক পরা দুজন লোক গাড়ি থেকে নেমে কিলঘুষি মেরে পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল ও কাঁধে থাকা ল্যাপটপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এই বিষয়ে সাংবাদিক নূরুল ইসলাম ফরহাদ ওই রাতেই ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘ছিনতাইয়ের ঘটনাটি শোনামাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাৎক্ষণিক পার্শ্ববর্তী থানাগুলোতে বিষয়টি জানিয়েছি। আমরা ছিনতাইকারীদেকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছি।’