সুমন আহমেদ রাহাত,কুবি প্রতিনিধি:
ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে কুমিল্লা শহরে ফিরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ হাজার টাকা ছিনতাইসহ মারধরের শিকার হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা আক্তারের পরিবার।
গত সোমবার (১১ জুলাই) রাত ৯টায় দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানের সাথে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে রায়পুর বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে কুবি শিক্ষার্থী সাইমা আক্তারের বাবা,মা ও ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইকে মারধর করে এবং ৫০ হাজার টাকা ছিনতাই করে হামলাকারিরা পালিয়ে যায়।
ভুক্তভোগী সাইমা আক্তার বলেন, আমাদের কাভার্ড ভ্যানের সাথে একটা অটোরিকশা ধাক্কা লাগলে রায়পুরে গাড়ি থামিয়ে আমার বাবা এবং ভাইকে এলোপাতাড়ি মারতে থাকে ঐ অটো চালকসহ আরো কয়েকজন লোক।
এসময় পাথর দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে এবং মায়ের পা ভেঙে ফেলে। তখন বাবার পকেটে থাকা ৫০ হাজার টাকা কেঁড়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনার প্রেক্ষিতে নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান বিচারের আশ্বাস দিয়ে দুইদিনেও কোন বিচার ব্যবস্থা গ্রহণে অপারগ হওয়ায় আমরা এখন থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে দাউদকান্দি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এটি মূলত কোন ছিনতাইয়ের ঘটনা নয়।
ঈদের পরের দিন রাতে ওই মেয়ের বাবার কাভার্ড ভ্যানের সাথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এটি নিয়ে স্থানীয় লোকজন একটু উত্তেজিত হয়ে যায়।
তবুও এই ঘটনার সাথে রায়পুরের কারা জড়িত ছিল আমরা তাদের থানায় ডাকতে পুলিশ পাঠিয়েছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের চেষ্টা করছি, টাকা ছিনতাইয়ের সত্যতা প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।