আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

চিকিৎসা তহবিল সংগ্রহে কাজ করছে ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- বিখ্যাত এই গানের কথাটি বাস্তবায়নের সুযোগ এখন আপনার খুব কাছে। আপনার সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে দুটি অসহায় প্রাণ। “আসুন, সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াই/ চিকিৎসা করিয়ে দুরারোগ্য ব্যাধি সারাই।”

এই শ্লোগানকে উপজীব্য করে ফরিদগঞ্জ লেখক ফোরাম মাঠে কাজ করছে নূরে আলম ও রবিউলের চিকিৎসা ব্যয়ের ফান্ড গঠনে।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে মো. রবিউল (১৭) এবং ১৫নং রূপসা ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মো. শাহাদাতের ১৮ মাসের শিশুপুত্র নূরে আলমের চিকিৎসার জন্য সবার দ্বারে দ্বারে যাচ্ছে ফরিদগঞ্জ লেখক ফোরামের টিম।

তাদের চিকিৎসাভার গ্রহণ করে সংগঠনটি ‘নূরে আলম ও রবিউল চিকিৎসা তহবিল’ নামে একটি তহবিল খুলেছে। তহবিলকে সমৃদ্ধ করে তাদের দুজনের চিকিৎসাকে সহজতর করার জন্য সকলকে আহ্বান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

ফান্ড গঠনে বাজারে বাজারে, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে এবং বিত্তবানদের কাছে ছুটে যাচ্ছেন ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম টিম’।
দুরারোগ্য ও বিরল রোগে আক্রান্ত পরিবারের মানবিক আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার জন্য এই সহযোগিতা ফান্ড গঠন করে সংগঠনটি।

সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের মানবিক সাড়া চায়। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বাঁচাতে পারে নূরে আলম ও রবিউল হাসানের জীবন।

১৮ মাসের শিশু মো. নূরে আলম ‘পেনিস ডিসঅর্ডার’জনিত বিরল রোগে ভুগছে। তার লিঙ্গের মধ্যে প্রস্রাবের রাস্তার অগ্রভাগ অংশের ছিদ্র পুরোপুরি ব্লক হয়ে আছে।

প্রস্রাবের রাস্তার বদলে শিশুটির পেনিসের নিচে সুঁইয়ের মাথার মতো চিকন একটা ছিদ্র রয়েছে। সেখান দিয়ে ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরে।

সে সময় শিশুটি প্রচন্ড যন্ত্রণায় ভোগে এবং চিৎকার করে কাঁদতে থাকে। শিশুটির বাবা অটোরিকশা চালক। তাদের ৬ সদস্যের সংসার চলে খুবই কষ্টে ও অভাবে। হাসিখুশি এই শিশুটি স্বাভাবিকভাবে বাঁচতে চায়।

অপরদিকে মো. রবিউল হাসান (১৭) মেরুদন্ডের হাড়ে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগছে। বর্তমানে সে ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিউলের পিতাও অটোভ্যান চালক। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে তার পরিপূর্ণ চিকিৎসার প্রয়োজন।

আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারটি তার পূর্ণাঙ্গ চিকিৎসাভার গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। তাই উভয়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ফরিদগঞ্জ লেখক ফোরাম তাদের চিকিৎসার তহবিল গ্রহণে সচেষ্ট হয়েছে।

শিশু নূরে আলম ও কিশোর রবিউল হাসানের পূর্ণাঙ্গ চিকিৎসা করানোর লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সাধ্য অনুযায়ী আর্থিক অনুদান প্রত্যাশা করছে সংগঠনটি।

আর্থিক সহায়তা পাঠাতে পারেন নিচের বিকাশ এবং নগদ নাম্বারগুলোতে- ০১৬৭৩-৫৩৮৯৬৩ (নগদ), ০১৭৩১-৬৫১৩৪৫ (বিকাশ ও নগদ) ও ০১৬৩৭-১০৪১১৭ (বিকাশ)।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ