আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত চলে এই পরীক্ষা।
‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে ৮৭৭ জন শিক্ষার্থীর আবেদনের বিপরীতে উপস্থিত ছিলেন ৯৫.৭৮ শতাংশ শিক্ষার্থী৷
এর মধ্য দিয়ে শেষ হয়েছে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দ্বিতীয়বারের মত আয়োজন করা গুচ্ছভিত্তিক এই ভর্তি পরীক্ষা।
সকাল ৯টা থেকে ভর্তিচ্ছুরা ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসের সামনে অবস্থান করতে শুরু করে।কেন্দ্রে প্রবেশের সময় কর্তৃপক্ষ ও রোভার,বিএনসিসি সেনা ও নৌ শাখার সদস্যরা প্রবেশ পত্রের ছবির সাথে চেহারার মিল আছে কিনা এবং প্রবেশপত্র নিয়ে প্রবেশ করছে কিনা তা যাচাই করেন৷
পরীক্ষা শুরু পূর্বে সকাল ১১.৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন৷
এসময় তার সাথে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া,প্রক্টর অধ্যাপক ড.মো. খোরশেদ আলম,শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ জুলাই ‘এ’ ইউনিট এবং ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ৪ আগস্ট ও ‘বি’ ইউনিটের ১৬ আগস্ট। এ পরীক্ষার মাধ্যমে বছরের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হলো।