নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে ৭০টি ইউক্যালিপটাস গাছ কেটে ওই জমি নিজেদের দখলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক দম্পতির বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জমির মালিক আলতাফ হোসেন সামাদ।
অভিযুক্ত দম্পতিরা হলেন, মো: মোশাররফ হোসেন (৪২) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)। তারা দু-জনেই ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী আলতাফ হোসেন সামাদ একই এলাকার মৃত শামসুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাইয়ের শোলধন মৌজায় ক্রয়সূত্রে আরএস ১০৮ ও ১০৯ নং দাগে ১৪.৪৫ শতাংশ জমির মালিক হন ভুক্তভোগী ওই সামাদ। ওই জমিতে ৪ বছর আগে ইউক্যালিপটাস গাছ রোপন করেন তিনি। সম্প্রতি সেই জমি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা।
এরইমধ্যে গত ৩০ আগস্ট তারা ওই জমির প্রায় ৭০টি গাছ কেটে নষ্ট করে ফেলে। এ ঘটনায় বাঁধা দিতে গেলে ভুক্তভোগীকে গালিগালাজ করে মারধরের হুমকি দেয় ওই দম্পতি।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।