সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে গভীর রাতে নিজ বাড়িতে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এঘটনায় থানায় এখনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার বিকেলে ভুক্তভোগীর চাচাতো ভাই এসব তথ্য জানান।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার ভাদাইল পূর্ব পাড়া রূপায়ন মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আজিজুল খান আশুলিয়ার ভাদাইল পূর্ব পাড়া এলাকার জানিফা খানের ছেলে।
আহতের চাচাতো ভাই বলেন, গতকাল গভীর রাতে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আজিজুল। এসময় বাড়ি থেকে কিছু দূরে নিয়াজের বাসার সামনে অন্ধকারে চারজনকে বসে থাকতে দেখে আজিজুল সেখানে দাড়ান। এসময় এত রাতে তারা কারা এবং এখানে কি করছেন এটা জিজ্ঞেস করেন আজিজুল। তখন তারা উল্টো আজিজুলকে বলছে, তুই বাসায় যা। এসময় আজিজুল বলছে, আমার বাড়িঘর এখানে তোরা কারা? এতেই ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাপ্পী আজিজুলের বাম পায়ে গুলি করে সেখান থেকে দ্রুত চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখান থেকে চিকিৎসকরা তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। আজ আজিজুলের পায়ে অস্ত্রপচার শেষে হাসপাতালে তাকে ভর্তি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমার ভাই তাকে গুলি ছোড়া ব্যক্তি বাপ্পীকো চিনতে পেরেছে। বাপ্পী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও অস্ত্র ও মাদকসহ সে গ্রেফতার হয়েছিলো। আমরা পরিবারের সবাই আতঙ্কিত। কারণ বাড়ির পাশে গভীর রাতে কারা আড্ডা দিচ্ছে সামান্য এই প্রশ্ন করেই আমার ভাইকে গুলি খেতে হয়েছে। আল্লাহর রহমতে সে প্রাণে বেঁচে গেছে। তবে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করা হলে আমাদের পক্ঢে স্বস্তিতে বসবাস করা সম্ভব হবে না।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, গতকাল অনেক রাতে ভাদাইল এলাকায় গুলির ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। একজনকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সামান্য বিষয়েই ওই যুবককে গুলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে কার্তুজ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী ও তার স্বজনরা হাসপাতালে থাকায় এখনও লিখিত অভিযোগ তারা দেয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু হবে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারেও অভিযান চলছে।