জাবি প্রতিনিধি:
বুদ্ধিবৃত্তিক ও মননশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পটভূমি, ঘাত-প্রতিঘাত, অভিঘাত ও উত্তরণের পথ পরিক্রমা নিয়ে সংলাপের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)।
আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই সংলাপ শুরু হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপ সমন্বয়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সাবেক সহ সভাপতি জাফর সাদিকের সঞ্চালনায় সংলাপে আলোচক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ডালিয়া, আইনজীবী মানজুর আল মতিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অ্যাক্টিভিস্ট তুহিন খান ও বিবিসির সাংবাদিক মুকিমুল আহসান হিমেল।
সংলাপে আমন্ত্রিত আলোচকরা সমসাময়িক বিভিন্ন সংকট এবং সেসব থেকে উত্তরণের বিষয়ে আলোকপাত করেন।