দেলোয়ার হোসেন, গজারিয়া প্রতিনিধি, মুন্সীগঞ্জ :
গত ১ জুলাই সাত দিনব্যাপী কঠোর লকডাউন চলমান থাকা অবস্থায় করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে গতকাল সোমবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সীমা আরো সাত দিন বাড়িয়েছে সরকার।
লকডাউনের শুরু থেকেই বাস্তবায়নে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার ও জরিমানা করছেন।
সরেজমিনে দেখা যায় জরুরি পরিসেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। ভবেরচর বাস স্ট্যান্ড মোহাম্মদ আলী প্লাজা এলাকায় একাধিক মিশুক চালক ও সিএনজি চালক জানান সরকারের ঘোষিত লকডাউন আইন বাস্তবায়নে ৫,৬ দিন ঘরে বসে থেকে উপার্জন ও রুজি রোজগার বন্ধ রয়েছে। তাদের সংসার চলার উপায় না দেখে পুলিশের চোখ রাঙ্গানি প্রশাসনের দাওয়া খেয়েও গাড়ি নিয়ে বের হতে হচ্ছে রাস্তায়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান কঠোর লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমান আদালত অব্যাহত রয়েছে। মঙ্গলবার ৬ জুলাই ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে এক ব্যক্তিকে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।