আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

খাতার কাভার থেকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় কফিল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি হত্যার রহস্য উদঘাটন হয়েছে। ক্লু-লেজ হত্যাকান্ডে একটি খাতার মলাটের সুত্র ধরে হত্যাকারীর কাছে পৌছায় পুলিশ।

এঘটনায় শুক্রবার (১৮ জুন) ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকার রিপনের বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকারী নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই নারীর নাম রিতা বেগম (২৯), তিনি নওগাঁ জেলা সদরের চকরামচন্দ্র মহল্লার খাইরুল ইসলামের মেয়ে। সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।

নিহত কফিল উদ্দিন জামালপুর জেলার ইসলামপুর থানার পাতুসি গ্রামের মৃত কাজী মুনশী শেখের ছেলে। তিনি আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কের ডাক্তার শাফকাথ হোসেনের বাড়ির কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, গত মার্চের ২২ তারিখে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কের এশিয়ান ইউনিভার্সিটির বিপরীত পাশের ডাক্তার শাফকাথ হোসেনের বাড়ি থেকে কফিল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। হাতে ইন হেলার ধরা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে ঘরের দরজা বাহির থেকে লাগানো থাকায় খটকা লাগে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক এসআই সুদীপ কুমার গোপের। শুরু হয় সন্দেহের উত্তর খোঁজা। এদিকে নিহতের শ্বাসকষ্ট থাকায় স্বজনেরা ধরেই নিয়েছিলেন তিনি শ্বাসকষ্টেই মারা গেছেন। তারা ময়নাতদন্তের জন্যও রাজি ছিলেন না। কিন্তু নাছোরবান্দা পুলিশ কর্মকর্তা। ঘটনার দিন সকালেই ওই বাসা থেকে এক ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যায়। তার নাম ঠিকানা কিছুই জানতো না কেউ। ঘর ফাঁকা করে চলে গেছে ওই ভাড়াটিয়া। তবে ঘরের মেঝেতে পরে ছিল খাতার একটি কাভার। যেখানে স্কুলের নাম ও শিক্ষার্থীর নাম লেখা ছিল। সুক্ষ্ম তদন্তের এক পর্যায়ে ওই স্কুলে যায় পুলিশ। সেখানে শিশুর অভিভাবকের একটি ফোন নম্বর পাওয়া যায়। কিন্তু হত্যাকারী খুব চতুর হওয়ায় ফোন নম্বর বন্ধ রাখে মাসের পর মাস। পুলিশও নাছোরবান্দা। অবশেষে আরেকটি ফোন নম্বর সংগ্রহ করে পুলিশ। এই ফোন নম্বরের মাধ্যমে তার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করের তদন্তকারী কর্মকর্তা। সেই নম্বরের সূত্র ধরে হত্যাকারীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, শুরুতেই সন্দেহ হয়েছিল এটি হত্যাকান্ড। কিন্তু নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তার শ্বাসকষ্ট ছিল আর হাতেও ইন হেলার। কিন্তু দরজা বাহির থেকে আটকানো ছিল। গ্রেফতার ওই নারীর বরাত দিয়ে তিনি বলেন, কফিল উদ্দিন শাফকাথ হোসেনের বাড়ির কেয়ারটেকার ছিলেন। আর ওই বাসায় রিতা বেগম ভাড়া থাকতেন। সেখানে ভাড়া থাকায় কফিল উদ্দিনের সাথে ভাল সম্পর্ক হয় রিতার। এই সুবাদে কফিলের তরকারি মাছ ইত্যাদি কেটে দিয়ে সহযোগিতা করতেন রিতা। ঘটনার দিন রাতে কফিলের মাছ কেটে তার ঘরে দিতে গেলে কফিল কুপ্রস্তাব দেয় রিতাকে। রাজি না হলে জোরাজোরি করে কফিল। এসময় রিতা তার গলা চেপে ধরলে কপিল মেঝেতে পড়ে মারা যায়। পরে তার হাতে ইন হেলার ধরে দিয়ে সকালে বাসা ছেড়ে চলে যায় রিতা। সব প্রমান উধাও করেই চম্পট দিয়েছিলেন রিতা। কিন্তু একটি মলাটের জন্য ধরা পড়লেন হত্যাকারী হিসাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ