আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পিক-আপ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে ২০২০-২০২১ অর্থবছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৫০% ভর্তুকিতে পিক-আপ ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) দুপুরে সাভার উপজেলা পরিষদ হল রুমে সাভারের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাভার, ঢাকা এর বাস্তবায়নে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ। এসময় তিনি জানান, ‘মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার’- এই প্রত্যয়কে সামনে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বাংলাদেশে কৃষকের দ্বারপ্রান্তে কাজ করে যাচ্ছে। এর ফলে সারা বিশ্বে কৃষিক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। পরে ৫০% সরকারি ভর্তুকিতে তিনজন কৃষি উদ্যোক্তাকে তিনটি পিক-আপ ভ্যান এর চাবি হস্তান্তর করেন তিনি।

এছাড়াও, সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সাভারে যাদেরকে জমি ও ঘর প্রদান করা হয়েছে, তাদের ভিতর থেকে ৩০টি পরিবারকে তাদের অনাবাদী জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ যথা বীজ, সার, চারা, পানি প্রদানের ঝাঁঝরি, সার রাখার ড্রাম ইত্যাদি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ইমরান প্রমুখ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ