কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) কর্তৃক আয়োজিত হয়েছে দিনব্যাপী বিতর্ক কর্মশালা । প্রায় দুই শতাধিকেরও বেশি তরুণ বিতার্কিক ও বিতর্কে আগ্রহীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে বেলা সাড়ে ১২টায় সিওইউডিএস এর বর্তমান সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জহুরা মিম এর সঞ্চালনায় বিতর্ক কর্মশালাটি শুরু হয়ে রাত সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আদনান কবির সৈকত এবং জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা (বিটিভি) এর নির্দেশক রুবাইয়াত রাকিব।
এ নিয়ে সিওইউডিএস এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘ আমাদের সাংগঠনিক একটি রুটিন ওয়ার্ক হলো বিতর্ক কর্মশালা। আমরা সবসময় বিতার্কিক তৈরীতে সার্বিক কার্যক্রমে নিজেদের সংযুক্ত রেখেছি।
আজকের আয়োজনে বর্তমান এবং সাবেক বিতার্কিকদের সমন্বয়ে একটি সফল প্রোগ্রাম করতে পেরেছি বলে আমরা সন্তুষ্ট। আমাদের এই কার্যক্রম ধারা সামনেও চলমান থাকবে।’
উল্লেখ্য, এসময় প্রশিক্ষকগণ বিতর্ক কী ও কেন করব, সংসদীয়, বারোয়ারি এবং ইংরেজি বিতর্ক সম্পর্কে আলোচনা করেন। শেষে একটি প্রদর্শনী বিতর্কের মধ্যদিয়ে তরুণ বিতার্কিকদের বিতর্ক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।